নিজস্ব প্রতিবেদক :
²কক্সবাজার জেলার সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৫”-এ দারুণ সাফল্য অর্জন করেছে রাজারকুল নয়াপাড়ার মেধাবী ছাত্রী সানজিদা জেরিন (জাহি)। অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী চূড়ান্ত ফলাফলে মেধাক্রম ২৮ অর্জন করে এলাকায় আনন্দ ও গৌরবের সঞ্চার করেছে।
সানজিদা জেরিন রাজারকুল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্য ও শিক্ষকরাও।
তার বাবা শাহাব উদ্দিন এবং মা সাবেকুন্নাহার সন্তানের এমন অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, সানজিদা নিয়মিত অধ্যবসায়ী ও শৃঙ্খলাবদ্ধ ছাত্রী। তার এই অর্জন স্কুলের সামগ্রিক সাফল্যে নতুন মাত্রা যোগ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এ সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
কক্সবাজার জেলায় বহু শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা প্রতিবছরই বড় আয়োজন হিসেবে সমাদৃত। সেই প্রতিযোগিতায় সানজিদার সাফল্য তাকে আগামী দিনের আরও উচ্চতর শিক্ষার পথে এগিয়ে দেবে— এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা।